ডেস্ক নিউজ, দিনাজপুর
দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরকারি সার গুদাম থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ সার বিক্রির অভিযোগে স্টোরকিপার আকতারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গুদামটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে মজুত করা ৫৫৮ বস্তা এমওপি সার উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, গত সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নশিপুর এলাকায় বিএডিসির সার গুদামে অভিযান চালানো হয়। অনুমোদন ছাড়াই সার বিক্রির খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন শরীফ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এ সময় স্টোরকিপার আকতারুল ইসলামকে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে গুদামের সারের মজুতে গরমিল পাওয়া যায়। পরে গুদামটি সিলগালা করে প্রশাসন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন শরীফ বলেন, “অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ সার বিক্রির খবর পেয়ে সোমবার সন্ধ্যায় নশিপুর গুদামে অভিযান চালানো হয়। এ সময় প্রাথমিকভাবে সারের মজুতে গরমিল পাওয়া গেলে স্টোরকিপার আকতারুলকে আটক এবং গুদামটি সিলগালা করা হয়।”
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নূরনবী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকতারুল গত জুলাই ও আগস্ট মাসে অনুমোদন ছাড়াই গুদাম থেকে ২২৭ টন সার বিক্রির কথা স্বীকার করেছেন। এসব সার বিএডিসির চুক্তিবদ্ধ দুই ডিলার বীরগঞ্জের সোহাগ হোসেন ও কাহারোলের আনসারুল ইসলামের কাছে বিক্রি করা হয়েছিল।
তবে তদন্তে অনুমোদন ছাড়া বিক্রি করা সারের পরিমাণ ৩২৭ দশমিক ৪৫ মেট্রিক টন বলে জানা গেছে। এসব সারের আনুমানিক মূল্য প্রায় ৭৫ লাখ টাকা।
এ ঘটনায় বিএডিসির সহকারী পরিচালক (সার) মো. খুরশীদ আলম বাদী হয়ে আকতারুল ইসলামকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন। পরে মঙ্গলবার (২৫ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অভিযানের ধারাবাহিকতায় বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় বিএডিসির দুই ডিলারের গুদামে অভিযান চালানো হয়।
বীরগঞ্জে ডিলার সোহাগ হোসেনের গুদামে অভিযান চালিয়ে ৪৫০ বস্তা এমওপি সার জব্দ করা হয়। বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বাদশা রনি জানান, অবৈধভাবে সার মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালত গুদামের ব্যবস্থাপক জনি ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের কারাদণ্ড দিয়েছেন।
অন্যদিকে কাহারোলে ডিলার আনসারুল ইসলামের দুটি গুদামে অভিযান চালিয়ে ১০৮ বস্তা এমওপি সার উদ্ধার করা হয়েছে। কাহারোল থানার ওসি সেলিমুর রহমান জানান, অবৈধভাবে সার মজুতের অভিযোগে ওই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সরকারি সার অনুমোদন ছাড়া বিক্রি ও অবৈধভাবে মজুতের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন।






