মো. আল আমিন, দীঘিনালা, খাগড়াছড়ি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের উত্তর রশিকনগর এলাকায় পেলুডার দিয়ে পাহাড় কাটার অভিযোগ উঠেছে। পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া বেআইনিভাবে মঙ্গলবার দিনের বেলায় প্রকাশ্যে পাহাড় কাটার এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে কাউকে উপস্থিত পাওয়া যায়নি। তবে সেখানে পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, দিনের বেলায় পেলুডার দিয়ে পাহাড় কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে পাহাড়ধসের ঝুঁকি বাড়ছে।
পুলিশ জানায়, উত্তর রশিকনগর এলাকায় সোলেমান নামের এক ব্যক্তি পাহাড় কাটছেন বলে খবর পাওয়া গেছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশোধিত বিধান অনুযায়ী, পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি ছাড়া পাহাড় বা টিলা কর্তন বা মোচন সম্পূর্ণ নিষিদ্ধ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, পাহাড় কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।






