জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও এক বানরের মৃত্যু, বিদ্যুৎ বিভাগের পদক্ষেপ দাবি

খোরশেদ আলম, জুড়ী (মৌলভীবাজার)

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও একটি লজ্জাবতী বানরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার কচুরগুল গ্রামে আব্দুস সুবহান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগে একই স্থানে আরও দুটি বানরের মৃত্যু হয়েছিল। এ নিয়ে সেখানে মোট তিনটি লজ্জাবতী বানরের মৃত্যু হলো।

আব্দুস সুবহান মিয়া জানান, তাঁর বাড়ির একই স্থানে এর আগেও দুটি লজ্জাবতী বানরের মৃত্যু হয়েছে। এবার আরও একটি বানরের মৃত্যু হওয়ায় বিষয়টি উদ্বেগজনক হয়ে উঠেছে।

পরিবেশকর্মী আবিদ হোসাইন বলেন, একই স্থানে বারবার লজ্জাবতী বানরের মৃত্যুর ঘটনা ঘটলেও বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিদ্যুতের খোলা তার এসব বন্য প্রাণীর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এ প্রজাতির অস্তিত্ব আরও হুমকির মুখে পড়তে পারে।

লাঠিটিলা বন বিট কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সাজন আহমদ বলেন, “বানরটি যে স্থানে মারা গেছে, সেটি আমাদের সংরক্ষিত বনের বাইরে। একই স্থানে পরপর তিনটি বানরের মৃত্যু হওয়া অত্যন্ত দুঃখজনক। এর আগে আমি বিষয়টি অবগত ছিলাম না। এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগকে চিঠি দিয়ে অবহিত করব এবং দ্রুত সমস্যা সমাধানের জন্য অনুরোধ জানাব।”

লজ্জাবতী বানর (Nycticebus bengalensis) বাংলাদেশের একটি বিপন্ন বন্য প্রাণী। দেশের সিলেটসহ উত্তর-পূর্বাঞ্চলের মিশ্র চিরসবুজ বনাঞ্চলে এদের বিচরণ রয়েছে। এরা নিশাচর প্রাণী। সাধারণত গাছের ডালে বসবাস করে এবং রাতে খাবারের সন্ধানে বের হয়। বন উজাড়, আবাসস্থল ধ্বংস, শিকার ও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো বিভিন্ন কারণে এদের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে।

পরিবেশসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বনসংলগ্ন এলাকায় বিদ্যুতের তারের ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কচুরগুলে একই স্থানে তিনটি লজ্জাবতী বানরের মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্ত করে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা গ্রহণ জরুরি।

আরও পড়ুন

ঝড়-বৃষ্টির মধ্যে ট্রেনের সেফটি নেটে আটকে পড়া ঘুঘু পাখিকে উদ্ধার

ঝুম বৃষ্টি, দমকা হাওয়া আর ঝড়ের তাণ্ডবের মধ্যে ছুটছিল ট্রেন। এরই মধ্যে একটি ঘুঘু পাখি পথ হারিয়ে ট্রেনের ইঞ্জিনের লুকিং গ্লাসের সামনের সেফটি নেটের...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

কলাপাড়ায় পাখি শিকারে ১০ হাজার টাকা জরিমানা, ইয়াবা সেবনে কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচটি তিলা ঘুঘু ও একটি বক হত্যার দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

নাব্যতা সংকটে তিস্তায় মাছের সংকট, পেশা বদলাচ্ছেন জেলেরা

একসময় ভোর হলেই নৌকা নিয়ে তিস্তায় নামতেন জেলেরা। জাল ফেললেই ধরা পড়ত টেংরা, বোয়াল, পাবদা, শিং, পুঁটিসহ নানা প্রজাতির দেশীয় মাছ। সেই মাছ বিক্রির...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

সুন্দরবনে নতুন ৫ প্রজাতির মাছ ও ২ প্রজাতির চিংড়ির সন্ধান

প্রকৃতির অপার সৌন্দর্য আর রয়্যাল বেঙ্গল টাইগারসহ নানা বন্যপ্রাণীর আবাসস্থল সুন্দরবন। তবে বনের জীববৈচিত্র্য শুধু স্থলভাগেই সীমাবদ্ধ নয়, পানির নিচেও রয়েছে সমৃদ্ধ এক জগৎ।...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes
spot_imgspot_img