সরবরাহ সংকটে বিশ্ববাজারে খাদ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

চরম আবহাওয়া, কৃষিপণ্যের উৎপাদন নিয়ে উদ্বেগ এবং কৃষ্ণসাগর ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থায় তৈরি হওয়া সংকটে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে। গত আগস্টে খাদ্যের দাম ২০২২ সালের শেষের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত এফএওর প্রতিবেদনে বলা হয়, আগস্টে সংস্থাটির খাদ্য মূল্যসূচক গড়ে ১৩৩ দশমিক ৩ পয়েন্টে উঠেছে। জুলাইয়ের সংশোধিত ১৩০ দশমিক ৮ পয়েন্টের তুলনায় এটি উল্লেখযোগ্য বৃদ্ধি এবং ২০২২ সালের নভেম্বরের পর সূচকটির সর্বোচ্চ অবস্থান।

তবে ২০২২ সালের মার্চে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর বিশ্ববাজারে খাদ্যের যে রেকর্ড মূল্য তৈরি হয়েছিল, আগস্টের সূচক এখনো তার তুলনায় প্রায় ১৭ শতাংশ কম।

এফএওর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো বলেন, বৈশ্বিক খাদ্যপণ্যের দাম বৃদ্ধির মধ্য দিয়ে বাজারে ঝুঁকির প্রভাব আবারও ফিরে আসার সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। জলবায়ুজনিত ধাক্কা, ভূরাজনৈতিক উত্তেজনা ও বাণিজ্যিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন একসঙ্গে খাদ্য সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

এফএওর খাদ্য মূল্যসূচকের আওতাভুক্ত শস্য, ভোজ্যতেল, চিনি, মাংস ও দুগ্ধ, সব কটি পণ্যের দামই আগস্টে বেড়েছে। ইউরোপের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ ও খরার কারণে ভুট্টা ও চিনিবিটের উৎপাদন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে গবাদিপশুর উৎপাদন নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে।

এশিয়ায় সম্ভাব্য শক্তিশালী এল নিনোর আশঙ্কা পাম তেল ও চিনি উৎপাদন নিয়েও অনিশ্চয়তা বাড়িয়েছে।

আগস্টে শস্যের মূল্যসূচক এক মাসে ২ দশমিক ২ শতাংশ বেড়ে ২০২৪ সালের মে মাসের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। ভোজ্যতেলের মূল্যসূচক বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ, যা ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ।

সবচেয়ে বেশি বেড়েছে চিনির দাম। আগস্টে এফএওর চিনি মূল্যসূচক ১১ দশমিক ৯ শতাংশ বেড়ে ২০২৫ সালের জুনের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। ব্রাজিলের গুরুত্বপূর্ণ মধ্য-দক্ষিণ অঞ্চলে উৎপাদন কমে যাওয়া এবং ইউরোপ ও এশিয়ার আবহাওয়াজনিত উদ্বেগ চিনির দাম বাড়াতে ভূমিকা রেখেছে।

অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কৃষ্ণসাগর দিয়ে শস্য পরিবহনও বাধাগ্রস্ত হচ্ছে। সাম্প্রতিক সময়ে কৃষ্ণসাগরে হামলা বাড়ায় রাশিয়া ও ইউক্রেন থেকে শস্য রপ্তানি কমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত কৃষিপণ্যের জন্য প্রয়োজনীয় সারের সরবরাহেও চাপ তৈরি করছে বলে জানিয়েছে এফএও।

এদিকে ২০২৬ সালের বৈশ্বিক শস্য উৎপাদনের পূর্বাভাসও কমিয়েছে এফএও। জুলাইয়ের পূর্বাভাসের তুলনায় উৎপাদনের হিসাব ৩৪ লাখ মেট্রিক টন কমিয়ে ২৯৮ কোটি টন করা হয়েছে। এটি ২০২৫ সালের তুলনায় প্রায় ২ শতাংশ কম এবং ২০১৮ সালের পর এক বছরে শস্য উৎপাদনে সবচেয়ে বড় পতন হতে পারে। তবে উৎপাদনের পরিমাণ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

২০২৬-২৭ মৌসুম শেষে বৈশ্বিক শস্যের মজুতের পূর্বাভাসও ১ দশমিক ১ শতাংশ কমিয়ে ৯৪ কোটি ৭২ লাখ টন করা হয়েছে। এই মজুত আগের মৌসুমের তুলনায় সামান্য বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

এফএও জানিয়েছে, মোটা দানার শস্যের মজুত কমার পূর্বাভাসের প্রভাব গমের মজুত বৃদ্ধির সম্ভাবনাকে ছাড়িয়ে গেছে। তবে রাশিয়া ও ইউক্রেন থেকে শস্য পরিবহনে বিঘ্নের কারণে ওই দুই দেশে গমের মজুত বাড়তে পারে।

সব মিলিয়ে জলবায়ু পরিবর্তন, যুদ্ধ ও বাণিজ্যিক সরবরাহ ব্যবস্থার সংকট বিশ্ব খাদ্যবাজারে নতুন করে মূল্যবৃদ্ধির ঝুঁকি বাড়িয়ে তুলছে।

আরও পড়ুন

শেষ ইচ্ছা ছিল বীজ বাঁচানো, ৬০ প্রজাতির ধানে বেঁচে থাকবেন রামেট্টন

কেরলের আদিবাসী কৃষক চেরুভায়াল রামন নিজের জীবনের বড় একটি অংশ ব্যয় করেছেন হারিয়ে যেতে বসা দেশীয় ধানের বীজ সংরক্ষণে। অর্থনৈতিক কষ্ট, ব্যক্তিগত ত্যাগ কিংবা...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

নাব্যতা সংকটে তিস্তায় মাছের সংকট, পেশা বদলাচ্ছেন জেলেরা

একসময় ভোর হলেই নৌকা নিয়ে তিস্তায় নামতেন জেলেরা। জাল ফেললেই ধরা পড়ত টেংরা, বোয়াল, পাবদা, শিং, পুঁটিসহ নানা প্রজাতির দেশীয় মাছ। সেই মাছ বিক্রির...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

কৃষিবিজ্ঞানীদের পেনশন নিশ্চিত করতে আইন পরিবর্তনের আহ্বান রাষ্ট্রপতির

কৃষি খাতকে লাভজনক করতে সরকারকে প্রণোদনা ও ভর্তুকি দিতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষকদের সহায়তা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes

দুধে ভেজাল, শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বিগ্ন বাণিজ্যমন্ত্রী, কঠোর ব্যবস্থার নির্দেশ

দুধে ভেজাল মেশানোকে জনস্বাস্থ্যের জন্য ‘গুরুতর হুমকি’ ও ‘ঘৃণ্য অপরাধ’ হিসেবে উল্লেখ করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন...
কৃষি, কৃষক ও নিরাপদ খাবার
0
minutes
spot_imgspot_img