পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাক্ষাতে জলবায়ু সহনশীলতা, জীববৈচিত্র্য সংরক্ষণে অর্থায়ন, দূষণ নিয়ন্ত্রণ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং কার্বন বাজারে বাংলাদেশের প্রবেশে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন খাতে বাংলাদেশ ও ইউএনডিপির চলমান সহযোগিতা পর্যালোচনা এবং ভবিষ্যতে তা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করা হয়।
মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমকে আরও স্থানীয় বাস্তবতানির্ভর ও ফলাফলমুখী করা প্রয়োজন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা, সহজপ্রাপ্য জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জলবায়ু অভিযোজন কার্যক্রমে স্থানীয় সরকার ও জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। বিশেষ করে উপকূলীয়, চর, পার্বত্য, হাওর ও খরাপ্রবণ এলাকায় প্রকৃতিভিত্তিক সমাধান এবং জলবায়ু-সহনশীল জীবিকা সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস বাংলাদেশের জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাতে চলমান যৌথ প্রকল্প দ্রুত বাস্তবায়নের পাশাপাশি জলবায়ু অভিযোজন, প্রতিবেশ পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও কার্বন ক্রেডিটসহ নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম এবং ইউএনডিপি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






