ঝলক দত্ত, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইছবপুরে মনির মেম্বারের বাড়ির আঙিনা থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সহযোগিতায় অজগরটিকে লাউয়াছড়া বনে নিরাপদে অবমুক্ত করা হয়।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে অজগরটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় সাপটি অক্ষত ছিল।
বাড়ির আঙিনায় অজগরটি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে মনির মেম্বার বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে যান। তাঁরা সাপটিকে অজগর হিসেবে শনাক্ত করে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
পরে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায় অজগরটিকে লাউয়াছড়া বনের ভেতরে অবমুক্ত করা হয়।






