নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ৪২৫টি কড়ি কাইট্টা কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। উদ্ধার করা কচ্ছপগুলোর মধ্যে ৩২৫টি জীবিত এবং ১০০টি মৃত অবস্থায় পাওয়া গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়ায় লোকনাথ মন্দিরের পাশের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা কচ্ছপগুলো মজুত করে রাখা হয়েছিল।
উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী এবং অ্যানিমেল রাইটস বিডি-৬৪ স্কোয়াডের যৌথ অভিযানে এসব কচ্ছপ উদ্ধার ও জব্দ করা হয়। অভিযানে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্য এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, উদ্ধার করা জীবিত কচ্ছপগুলো উপযুক্ত জলাশয়ে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী, কচ্ছপ সংরক্ষিত বন্যপ্রাণীর অন্তর্ভুক্ত। জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে কচ্ছপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বন্যপ্রাণী অবৈধ বাণিজ্যের পণ্য নয়। বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং অবৈধ শিকার ও বাণিজ্য বন্ধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সূত্র: Animal Rights Bd-64






