স্টাফ রিপোর্টার:
দেশে বনাঞ্চল ও বৃক্ষ–আচ্ছাদিত এলাকা ধারাবাহিকভাবে কমে যাওয়ার প্রেক্ষাপটে জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। নির্বাচনী ইশতেহারে দেওয়া ২৫ কোটি গাছ লাগানোর অঙ্গীকার বাস্তবায়নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় প্রায় দেড় হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নিচ্ছে।
এ লক্ষ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) আগামী এপ্রিল মাসে পরিকল্পনা কমিশনে পাঠানোর প্রস্তুতি চলছে। বন অধিদপ্তর এ বিষয়ে জোর তৎপরতা চালাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের জুন মাসে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হতে পারে।
দলটির নির্বাচনী ইশতেহারের ‘পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন’ অধ্যায়ে ২৫ কোটি গাছের চারা রোপণের পাশাপাশি ১০ হাজার নার্সারি উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রায় ৬ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া দ্বীপ ও চরাঞ্চলে ড্রোন প্রযুক্তির মাধ্যমে বৃক্ষরোপণ, শহরের পার্ক, ফুটপাত ও খেলার মাঠসংলগ্ন এলাকায় গাছ লাগানোর মতো উদ্যোগও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। সরকারের মতে, এ কর্মসূচি বাস্তবায়িত হলে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।






