নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে মন্ত্রিপরিষদ বিভাগের নিচে রাখা পরীক্ষাগারটি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ভ্রাম্যমাণ পরীক্ষাগারের ভেতরে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষাগারটির কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন।
কর্মকর্তারা জানান, ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশের ৬৪টি জেলায় খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দেশের আটটি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি করা হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম দেশের ৬৪টি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৃথকভাবে এসব কার্যক্রম পরিচালিত হয়।
এদিকে, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগারের গাড়ি সংগ্রহের কার্যক্রম চলছে।
খাদ্য নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বাড়াতেও এসব পরীক্ষাগারে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ভ্যানের বাইরের দিকে স্থাপিত পর্দায় নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রচার করা হয়। এর মাধ্যমে খাদ্যদূষণ ও ভেজাল সম্পর্কে জনসাধারণকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।






