মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের পাশ থেকে শঙ্খিনী সাপ উদ্ধার করেছেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা। সাপটি অক্ষত অবস্থায় উদ্ধারের পর শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৭টা ৪০ মিনিটে উপজেলার রামনগর মনিপুরী পাড়ায় খলিলুর রহমানের বসতঘরের পাশে সাপটি দেখা যায়। সাপটি সকাল থেকেই সেখানে ছিল বলে জানা গেছে। রাতে আবার সাপটি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে খলিলুর রহমান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা সাপটি শনাক্ত করে জানান, এটি শঙ্খিনী সাপ, যার বৈজ্ঞানিক নাম Bungarus fasciatus। এটি অত্যন্ত বিষধর প্রজাতির সাপ।
পরে ফাউন্ডেশনের সদস্যরা সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোথাও কোনো বন্যপ্রাণী ধরা পড়লে কিংবা আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে সেটিকে আঘাত না করে নিকটস্থ বন বিভাগে খবর দিতে হবে। প্রয়োজনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে।
যোগাযোগের নম্বর: স্বপন দেব সজল: ০১৭১২-৯৪০৫৭৯ ও রাজদীপ দেব দীপ: ০১৭৪৭-৮৮০২১২






