সকালের ব্যস্ততায় অনেকেই আগে থেকে ডিম সেদ্ধ করে রেখে দেন। পরে সময়মতো খাওয়ার জন্য এটি সুবিধাজনক হলেও, ঠিকভাবে সংরক্ষণ না করলে সেদ্ধ ডিম স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে বলে সতর্ক করেছেন পুষ্টিবিদরা।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের গরম আবহাওয়ায় সেদ্ধ ডিম দীর্ঘ সময় বাইরে রাখা নিরাপদ নয়। ডিম সেদ্ধ করার পর সর্বোচ্চ দুই ঘণ্টার মধ্যে খেয়ে ফেলা উচিত। এর বেশি সময় বাইরে থাকলে ডিমে ক্ষতিকর জীবাণু জন্মাতে পারে। সমস্যা হলো, এসব জীবাণু থাকলেও অনেক সময় ডিমের গন্ধ বা চেহারায় তেমন পরিবর্তন দেখা যায় না।
তবে সঠিক নিয়ম মেনে সংরক্ষণ করলে সেদ্ধ ডিম নিরাপদে খাওয়া সম্ভব। সেদ্ধ করার পর ডিম ঠান্ডা করে দুই ঘণ্টার মধ্যেই ফ্রিজে রাখতে হবে। গরম অবস্থায় কোনো বদ্ধ প্লাস্টিকের পাত্রে ডিম রাখা উচিত নয়।
পুষ্টিবিদদের মতে, ফ্রিজে সঠিকভাবে সংরক্ষণ করলে পুরো সেদ্ধ ডিম প্রায় এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। তবে আধা-সেদ্ধ ডিম দুই দিনের বেশি না রাখাই ভালো। এছাড়া সংরক্ষণের সময় ডিমের খোসা না ছাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এতে ডিমের স্বাদ ও পুষ্টিগুণ ঠিক থাকে।
অনেকেই ফ্রিজের দরজার অংশে ডিম রাখেন। কিন্তু বারবার দরজা খোলা ও বন্ধ হওয়ার কারণে সেখানে তাপমাত্রা ওঠানামা করে। এতে ডিম দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ে। তাই ফ্রিজের ভেতরের স্থির তাপমাত্রাযুক্ত অংশে ডিম রাখা বেশি নিরাপদ।
বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, কিছু লক্ষণ দেখলে সেই সেদ্ধ ডিম খাওয়া থেকে বিরত থাকতে হবে। যেমন- ডিম থেকে তীব্র দুর্গন্ধ বের হলে; খোসা পিচ্ছিল হয়ে গেলে; খোসা অস্বাভাবিক সাদাটে দেখালে
এ ছাড়া সেদ্ধ ডিম কেটে বা কুচি করে দীর্ঘ সময় রেখে দেওয়া ঠিক নয়। এতে দ্রুত গুণাগুণ নষ্ট হয়। একই সঙ্গে ডিপফ্রিজে রাখাও নিরুৎসাহিত করেছেন বিশেষজ্ঞরা, কারণ এতে ডিমের স্বাদ ও গঠন নষ্ট হয়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, অল্প কিছু নিয়ম মেনে চললেই সেদ্ধ ডিম নিরাপদ ও পুষ্টিকরভাবে খাওয়া সম্ভব।






