জলবায়ু পরিবর্তন ও নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই এর প্রভাব পড়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। সাধারণত মে মাসে রাজধানীর বায়ুদূষণ তুলনামূলক কম থাকলেও এবার পরিস্থিতির উন্নতি হয়নি, বরং দূষণের মাত্রা বেড়েছে।
সোমবার সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৯৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। এ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
একই সময়ে ১৫৭ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এরপর ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। চীনের চেংডু শহর ১৩৭ স্কোর নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। আর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ১৩০ স্কোর নিয়ে রয়েছে পঞ্চম অবস্থানে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমানের স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর ধরা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।






