সিলেটে বেড়েই চলছে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা। একশ’ শয্যার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের হাম ডেডিকেটেড ইউনিটে রোগীর চাপ এতটাই বেড়েছে যে সেখানে তিল ধারণের ঠাঁই নেই।
রবিবার সকাল পর্যন্ত হাসপাতালটিতে ভর্তি ছিল ১১৮ জন শিশু। শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় এক সিটে একাধিক শিশুকে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এতে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে।
রবিবার স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশু হলো—হবিগঞ্জের বাহুবল উপজেলার আবদুল্লাহপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আকরামুল (৯ মাস) এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া গ্রামের ইমরান মিয়ার ছেলে সাইফান (৮ মাস)।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ১২২ শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। রবিবার সকাল পর্যন্ত বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৬৮ জন শিশু ভর্তি ছিল।
এর মধ্যে সর্বোচ্চ ১১৮ জন ভর্তি রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৪ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।






