খিরু থেকে তুরাগ: শিল্পবর্জ্যে পথে পথে মরছে লবলং

ডেস্ক রিপোর্ট, গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী লবলং নদী শিল্পকারখানার বর্জ্য, দখল ও ময়লা-আবর্জনায় দূষিত হয়ে পড়েছে। এক সময়ের প্রবাহমান এ নদীর বিভিন্ন অংশ এখন সংকুচিত হয়ে নালায় পরিণত হয়েছে। বিষাক্ত বর্জ্যের কারণে নদীতে মাছসহ জলজ প্রাণীর অস্তিত্বও প্রায় বিলীন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শ্রীপুর উপজেলায় বর্তমানে ৪৩৮টি শিল্পকারখানা সক্রিয় রয়েছে। এর মধ্যে শুধু মাওনা ইউনিয়নেই রয়েছে ৭৩টি। স্থানীয়দের অভিযোগ, এসব শিল্পকারখানার অপরিশোধিত তরল বর্জ্যের একটি অংশ সরাসরি লবলং নদীতে গিয়ে পড়ছে।

রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) এক গবেষণায় লবলং নদীতে ১৫টি পয়ঃনিষ্কাশন লাইন ও ১১টি বর্জ্য ফেলার স্থান চিহ্নিত করা হয়েছে। গবেষণায় নদীটিকে দেশের সবচেয়ে দূষিত নদীগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, নব্বইয়ের দশকে শ্রীপুরে শিল্পকারখানা গড়ে ওঠার পর থেকেই লবলং নদীর দূষণ বাড়তে থাকে। বর্তমানে নদীর পানি কালো ও দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। কোথাও কোথাও নদীর দুই পাড় দখল করে স্থাপনা ও শিল্পকারখানা নির্মাণের অভিযোগ রয়েছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

নদীর দূষিত পানি আশপাশের কৃষিজমিতেও ছড়িয়ে পড়ছে। ফলে অনেক জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। বর্ষাকালে নদীর পানি উপচে পড়লে দূষিত পানি ফসলের জমিতে ঢুকে ফলন কমিয়ে দিচ্ছে।

মাওনা ইউনিয়নের কৃষক আব্দুল জব্বার বলেন, একসময় লবলং নদীতে বিভিন্ন দেশীয় মাছ পাওয়া যেত এবং নদীর পানি দিয়ে জমিতে সেচ দেওয়া হতো। এখন নদীতে মাছ তো নেই-ই, পানিও কৃষিকাজে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

আরেক কৃষক জৈনুদ্দিন জানান, নদীর দূষিত পানির সংস্পর্শে এসে মানুষ ও গবাদিপশু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে চর্মরোগ ও ডায়রিয়ার সমস্যা দেখা দিচ্ছে বলে তিনি দাবি করেন।

গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম খান বলেন, শিল্পকারখানার বর্জ্যের কারণে জেলায় প্রায় ৩৮০ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পরিবেশকর্মীদের দাবি, প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি।

বাংলাদেশ রিভার অ্যান্ড নেচার ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, অনেক শিল্পকারখানায় বর্জ্য শোধনাগার বা ইটিপি থাকলেও সেগুলো নিয়মিত ও যথাযথভাবে পরিচালনা করা হয় না। ফলে অপরিশোধিত বর্জ্য নদী ও খালে গিয়ে পড়ছে।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, লবলং নদীর দূষণ নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। শিল্পকারখানা প্রয়োজন হলেও পরিবেশ রক্ষায় ইটিপি সঠিকভাবে পরিচালনা করা জরুরি।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নয়ন মিয়া বলেন, নদী-খাল দখল ও দূষণের অভিযোগে বিভিন্ন সময় শিল্পকারখানায় অভিযান চালিয়ে জরিমানা ও ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। ইটিপি ব্যবহার না করা বা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম বলেন, জেলার খালগুলোর তালিকা তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে এগুলো দখলমুক্ত করার পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, লবলং নদীর সীমানা নির্ধারণ করে দ্রুত দখল উচ্ছেদ, শিল্পবর্জ্য সরাসরি নদীতে ফেলা বন্ধ এবং কার্যকর বর্জ্য শোধন ব্যবস্থা নিশ্চিত করা না গেলে নদীটির স্বাভাবিক অস্তিত্ব পুরোপুরি হারিয়ে যেতে পারে।

আরও পড়ুন

বুড়িগঙ্গার তীরে শত শত প্লাস্টিক বর্জ্য, অপসারণে ১৫ দিনের সময় বেঁধে...

ঢাকার লালবাগ ও কামরাঙ্গীর চরের ইসলামবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে ফেলা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য ১৫ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি আহমেদ...
দূষণ ও দখল
0
minutes

বালিয়াড়ি ভরাট করে সড়ক নির্মাণ, কক্সবাজারে কাজ বন্ধের নির্দেশ হাইকোর্টের

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি ভরাট করে সড়ক নির্মাণের কাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সায়মন বিচ পর্যন্ত এলাকায়...
জাতীয়
0
minutes

বিশ্বের অর্ধেকের বেশি মাটি খারাপ অবস্থায়, হুমকিতে খাদ্য ও জীববৈচিত্র্য: জাতিসংঘ

বিশ্বের অর্ধেকেরও বেশি মাটি খারাপ অবস্থায় রয়েছে। এতে বৈশ্বিক খাদ্য সরবরাহ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। অথচ মাটির অবস্থা উন্নত করতে কার্যকর ও প্রমাণিত...
জলবায়ু পরিবর্তন
0
minutes

বর্জ্যের ভারে নাকাল বগুড়া, দুই দশকেও হয়নি স্থায়ী সমাধান

সড়কের পাশে ময়লার স্তূপ। পচা বর্জ্য থেকে ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ। কাক-কুকুরের টানাটানিতে আবর্জনা ছড়িয়ে পড়েছে পথজুড়ে। কোথাও ময়লার সঙ্গে মিশে আছে পলিথিন, প্লাস্টিক ও...
দূষণ ও দখল
0
minutes
spot_imgspot_img