নেপালের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দেশটির পার্লামেন্টে জানিয়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি জানান, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে মাত্র ৯৫টি শনাক্ত করা সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, বন্যার পর থেকে এখন পর্যন্ত ১১ হাজার ৯৯৩ জনকে উদ্ধার করা হয়েছে। তবে ৩ হাজার ৯১৬ জন এখনো নিখোঁজ রয়েছেন।
এদিকে, নেপাল পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বন্যাকবলিত এলাকা থেকে ১ হাজার ১২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
পুলিশের ওয়েবসাইটে নিখোঁজ মানুষের সংখ্যা ৪ হাজার ৮৫৮ বলে উল্লেখ করা হয়েছে। তাদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।
সুড়ঙ্গে আটকা থাকার আশঙ্কা
কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে অনেক বেঁচে থাকা মানুষ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলোতে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। গত কয়েক দিন ধরে বিদেশি দলগুলোও নিখোঁজদের সন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা করছে।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ নেপালি ও বিদেশি নাগরিকদের ‘ঘনিষ্ঠ রক্তসম্পর্কের’ স্বজনেরা ডিএনএ পরীক্ষার অনুরোধ করলে তাদের কাছ থেকে নতুন রক্তের নমুনা সংগ্রহ করা হবে। এরপর ডিএনএ পরীক্ষার মাধ্যমে উদ্ধার হওয়া মরদেহ শনাক্ত করা যেতে পারে।
বন্যার ভয়াবহতায় বিপুলসংখ্যক মানুষ হতাহত ও নিখোঁজ হওয়ার পর দেশটিতে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। একই সঙ্গে নিখোঁজদের সন্ধান এবং উদ্ধার হওয়া মরদেহ শনাক্তের প্রক্রিয়াও চলছে।






