দূষণে বিপর্যস্ত একটি নদী পরিষ্কারের উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ২১ বছর বয়সী এক ভারতীয় তরুণ এবার নেদারল্যান্ডসভিত্তিক একটি পরিবেশবিষয়ক প্রতিষ্ঠানে কাজের প্রস্তাব পেয়েছেন।
তরুণটির নাম সুরেন্দ্র সিং চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে অবশ্য তিনি ‘বিট্টু তাবাহি’ নামে পরিচিত। ভারতের মধ্যপ্রদেশের রাজগড় জেলার আজনার নদী পরিষ্কারের উদ্যোগ নিয়ে সম্প্রতি ব্যাপক প্রশংসা পেয়েছেন তিনি।
বিট্টুর কাজের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নজরে আসে নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশবিষয়ক সংস্থা ‘দ্য ওশান ক্লিনআপ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বোয়ান স্লাটের। তরুণটির উদ্যোগে মুগ্ধ হয়ে তাকে নিজের প্রতিষ্ঠানে কাজ করার আমন্ত্রণ জানান তিনি।
প্লাস্টিক-আবর্জনায় বেহাল নদী
আজনার নদীর একটি অংশ দীর্ঘদিন ধরে প্লাস্টিকের বর্জ্য, শেওলা, কাদা ও নানা ধরনের আবর্জনায় ভরে ছিল। নদীর তীরের একটি স্থানীয় মন্দিরের আশপাশের অবস্থাও ছিল অত্যন্ত নোংরা। দুর্গন্ধের কারণে ভোগান্তিতে পড়ছিলেন স্থানীয় বাসিন্দারা।
এ পরিস্থিতিতে সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজেই নদী পরিষ্কারের সিদ্ধান্ত নেন বিট্টু। ২০২৬ সালের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে শুরু হয় তার অভিযান।
শুরুতে কয়েকজন বন্ধু সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও পরবর্তী সময়ে প্রায় একাই কাজ চালিয়ে যেতে হয় তাকে। সাধারণ কিছু সরঞ্জাম নিয়ে নদীতে নেমে হাতে হাতে বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ করেন তিনি।
সবচেয়ে বড় বিষয়, কাজটির জন্য তার কাছে পর্যাপ্ত নিরাপত্তাসামগ্রীও ছিল না। এমনকি তিনি সাঁতার জানতেন না। তারপরও ঝুঁকি উপেক্ষা করে দিনের পর দিন নদীতে নেমে প্লাস্টিক, কাদা, শেওলা ও অন্যান্য আবর্জনা পরিষ্কার করে যান।
নিজের জমানো টাকা খরচ
নদী পরিষ্কারের প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে নিজের সঞ্চয়ের টাকাই ব্যবহার করেন বিট্টু। দীর্ঘদিন ধরে নদীর দূষিত পানিতে কাজ করার ফলে তার স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়ে। শরীরের বিভিন্ন অংশে সংক্রমণ দেখা দেওয়ার পাশাপাশি ত্বকে চুলকানির সমস্যায় ভুগতে হয় তাকে। কাজের সময় কয়েকবার সাপের মুখোমুখিও হয়েছেন এই তরুণ।
বিট্টু একটি সাধারণ পরিবারের সন্তান। বাবা-মায়ের সঙ্গে বসবাসকারী এই তরুণ বর্তমানে স্নাতক পর্যায়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে উদ্যোগের গল্প
নদী পরিষ্কারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর দ্রুতই তা মানুষের নজর কাড়ে। একটি পোস্টে দেখানো হয়, কীভাবে কয়েক মাস ধরে প্রায় একাই দূষিত নদী পরিষ্কারের কাজ করে যাচ্ছেন বিট্টু। একই সঙ্গে প্রকাশ করা হয় নদী পরিষ্কারের আগের ও পরের ছবি।
সেই পোস্টই নজরে আসে বোয়ান স্লাটের। বিট্টুর উদ্যোগে মুগ্ধ হয়ে সংক্ষিপ্ত এক বার্তায় তাকে নিজের প্রতিষ্ঠানে কাজ করার আমন্ত্রণ জানান তিনি।
এই আমন্ত্রণের পর বিট্টুর নদী পরিষ্কারের উদ্যোগ আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপকভাবে আলোচিত হতে শুরু করে।
মুখ্যমন্ত্রীর প্রশংসা
বিট্টুর উদ্যোগের খবর পৌঁছে যায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের কাছেও। তিনি বিট্টুকে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে আমন্ত্রণ জানান। শুক্রবার রাতে তাদের সাক্ষাৎ হয়।
এ সময় মোহন যাদব নদী পরিষ্কারে বিট্টুর উদ্যোগের প্রশংসা করেন এবং সরকারের পক্ষ থেকে তাকে সহযোগিতার আশ্বাস দেন।
একটি দূষিত নদী পরিষ্কারের লক্ষ্য নিয়ে শুরু করা এক তরুণের ব্যক্তিগত উদ্যোগ এখন তাকে স্থানীয় পর্যায়ে অনুপ্রেরণার প্রতীকে পরিণত করেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সেই উদ্যোগ ছড়িয়ে পড়েছে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও। আর এরই ধারাবাহিকতায় এবার নেদারল্যান্ডসের পরিবেশবিষয়ক একটি প্রতিষ্ঠানে কাজের প্রস্তাব পেয়েছেন ২১ বছর বয়সী বিট্টু তাবাহি।
সূত্র: এনডিটিভি






