বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে গঠিত জাতীয় বৃক্ষরোপণ সেলের সহায়ক টাস্কফোর্সের তৃতীয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু চারা রোপণের সংখ্যা বাড়ালেই হবে না; প্রতিটি চারার পরিচর্যা, রক্ষণাবেক্ষণ ও টিকে থাকার হার নিশ্চিত করতে হবে।

সভায় জানানো হয়, ২০২৬ সালে ৫ কোটি ১৪ লাখ ৮৮ হাজার ৯৩০টি চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৩ কোটি ৮২ লাখ চারা নিজস্বভাবে উৎপাদন এবং প্রায় ১ কোটি ৩৩ লাখ চারা নিজস্ব অর্থায়নে সংগ্রহ করে রোপণ ও পরিচর্যার পরিকল্পনা রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা নিজ নিজ লক্ষ্যমাত্রা অনুযায়ী চারা রোপণ করছে। এ ছাড়া বিভিন্ন এনজিও প্রায় ২৫ লাখ চারা রোপণ করেছে। স্থানিক তথ্য পাওয়া গেলে এসব চারা মূল ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হবে।

আগামী ডিসেম্বরে উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ প্রজাতির চারা রোপণের মাধ্যমে চলতি বছরের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে সভায় জানানো হয়।

শেখ ফরিদুল ইসলাম বলেন, স্থানীয় আবহাওয়া, মাটি ও প্রতিবেশের উপযোগী দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছকে বৃক্ষরোপণে অগ্রাধিকার দিতে হবে। নদী, খাল, বেড়িবাঁধ, সড়ক ও রেলপথের পাশের উপযোগী জমিতে পরিকল্পিতভাবে গাছ লাগাতে হবে। রোপিত চারার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দুর্যোগ বা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত চারা দ্রুত প্রতিস্থাপন করতে হবে।

সভায় বৃক্ষরোপণের পরবর্তী চার বছর চারার রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার পরিকল্পনা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) শামিমা বেগমসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও কর্মকর্তারাও সভায় অংশ নেন।

আরও পড়ুন

সুন্দরবন রক্ষায় গবেষণা-প্রযুক্তি বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত

সুন্দরবনের জীববৈচিত্র্য ও রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণে বাংলাদেশ ও ভারতের পরবর্তী দ্বিপক্ষীয় সভা বাংলাদেশে আয়োজনের বিষয়ে একমত হয়েছে দুই দেশ। তবে আন্তঃসীমান্ত এশীয় হাতি...
প্রকৃতি ও জীববৈচিত্র্য
0
minutes

পরিবেশ বিধ্বংসী আকাশমণি: বিপন্ন কক্সবাজারের জীববৈচিত্র্য

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ নির্মাণের সময় কাটা হয় সংরক্ষিত বনাঞ্চলসহ পাহাড়ের আড়াই লাখ গাছ। সেই ক্ষতি পুষিয়ে নিতে একটির বদলে রোপণ করা হয় তিনটি করে গাছের...
প্রকৃতি ও জীববৈচিত্র্য
0
minutes

থাইল্যান্ডের জঙ্গলে গাছের গোড়ায় কেন ঝোলানো হয় নারীদের রেশমি পোশাক?

থাইল্যান্ডের লোককথায় এমন কিছু নারী-আত্মার গল্প রয়েছে, যেগুলো একই সঙ্গে রহস্যময়, ভয়ংকর এবং কৌতূহলোদ্দীপক। তাদের কেউ সুন্দরী নারীর রূপ ধরে পুরুষকে কাছে ডাকে, আবার...
প্রকৃতি ও জীববৈচিত্র্য
0
minutes

নেপালে বন্যা-হিমবাহ ধসের পর কোকিলের নীরবতা, কী বার্তা দিচ্ছে প্রকৃতি?

হিমালয় অঞ্চলে হিমবাহ ধস এবং এর জেরে গত ২৬ আগস্ট নেপালে ঘটে যাওয়া প্রলয়ংকরী বন্যা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক পরিণতির আশঙ্কাকে যেন বাস্তবতায় রূপ দিয়েছে।...
জলবায়ু পরিবর্তন
0
minutes
spot_imgspot_img