দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন রোগী নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৩৯৪ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ২২৫ জন রয়েছেন।
এ ছাড়া বরিশাল বিভাগে ১৫৩ জন, চট্টগ্রামে ১৯৮, খুলনায় ২৩৫, ময়মনসিংহে ৮১, রংপুরে ৩৬, রাজশাহীতে ৯৯ এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) ডেঙ্গুতে ৪ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী আগামী তিন মাসকে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হিসেবে বিবেচনা করে ব্যাপক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর করলে চলবে না। পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দেন তিনি।






