ধুলো, ধোঁয়া ও ক্ষতিকর কণায় ক্রমেই দূষিত হয়ে উঠছে বিশ্বের বড় শহরগুলোর বাতাস। জলবায়ু পরিবর্তনের প্রভাবের পাশাপাশি অপরিকল্পিত নগরায়ণ ও উন্নয়ন কার্যক্রমের কারণে বাড়ছে বায়ুদূষণ। এরই মধ্যে বিশ্বের দূষিত শহরের তালিকায় উদ্বেগজনক অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার (IQAir) প্রকাশিত সূচকে ১৬৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, ১৫১ থেকে ২০০ স্কোরের মধ্যে থাকা বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
আইকিউএয়ারের তালিকায় ১৮৫ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং। ১৭৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটির রাজধানী কুয়ালালামপুর।
ঢাকার পর তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। শহরটির বায়ুমান স্কোর ১৬১। ১৫৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা।
কোন স্কোরে কেমন বাতাস
আইকিউএয়ারের বায়ুমান সূচক অনুযায়ী, বায়ুমান স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বা ‘অনেক ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বাতাস ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে ধরা হয়।
স্কোর ১০১ থেকে ১৫০ হলে বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। আর ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
এর পরের ধাপ আরও উদ্বেগজনক। ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে আইকিউএয়ার।
ফলে বুধবার ঢাকার ১৬৫ স্কোর নগরীর বায়ুমানের অস্বাস্থ্যকর পরিস্থিতিরই ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসতন্ত্রের সমস্যায় ভোগা মানুষের জন্য এমন বাতাসে দীর্ঘসময় অবস্থান স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।
বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন ও রাস্তার ধুলাসহ দূষণের প্রধান উৎসগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






