চলতি বছরের আগস্ট বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের রেকর্ড সংরক্ষণ শুরুর পর থেকে ইতিহাসের উষ্ণতম মাস হিসেবে নথিভুক্ত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস) বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির হিসাবে, আগস্টে বিশ্বের গড় ভূপৃষ্ঠের বায়ুর তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯৬ ডিগ্রি সেলসিয়াস। উনিশ শতকের প্রাক্-শিল্প যুগের গড় তাপমাত্রার তুলনায় এটি ১ দশমিক ৬৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। ২০২৫ সালের নভেম্বরের পর চলতি বছরের আগস্টেই প্রথম বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক্-শিল্প যুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল।
রেকর্ড তাপমাত্রার পাশাপাশি আগস্টে বিশ্বের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে জলবায়ুর চরম প্রভাব। নেপাল ও চীনের তিব্বতে ভূমিধস ও আকস্মিক বন্যা, ইন্দোনেশিয়া, গ্রিস ও বেলজিয়ামে দাবানল এবং হাঙ্গেরি ও রোমানিয়ায় তীব্র খরা দেখা দেয়। পশ্চিম ইউরোপও পার করেছে ইতিহাসের উষ্ণতম গ্রীষ্ম। এতে নদীর পানিপ্রবাহ ও মাটির আর্দ্রতা কমে কৃষিক্ষেত্রে সংকট তৈরি হয়েছে।
সিথ্রিএস জানিয়েছে, মেরু অঞ্চল বাদে আগস্টে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাও রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে ছিল। ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরে এল নিনোর প্রভাবে তাপমাত্রা আরও বাড়ছে। আগামী কয়েক মাসে এল নিনো আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা থাকায় বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধির ঝুঁকিও রয়েছে।
সিথ্রিএসের তাপমাত্রা-সংক্রান্ত রেকর্ড ১৯৪০ সাল থেকে সংরক্ষিত হলেও সংস্থাটি ১৮৫০ সাল থেকে সংরক্ষিত বৈশ্বিক তাপমাত্রার তথ্যের সঙ্গেও এসব রেকর্ড মিলিয়ে দেখে।
বিজ্ঞানীদের মতে, কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর ফলে সৃষ্ট গ্রিনহাউস গ্যাসের নিঃসরণই বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। আগস্টের এই নজিরবিহীন উষ্ণতা বিশ্বকে জলবায়ু সংকটের ভয়াবহ বাস্তবতা আবারও মনে করিয়ে দিয়েছে।
সূত্র: রয়টার্স






