লক্ষ্মীপুর, ১৫ সেপ্টেম্বর ২০২৬: সামাজিক অবক্ষয় রোধ, দুর্নীতি প্রতিরোধ এবং দেশের উন্নয়নকে এগিয়ে নিতে রাষ্ট্রের পাশাপাশি পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি।
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা, জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সরকারি কার্যক্রমের তদারকি ও সমন্বয়বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। লক্ষ্মীপুর জেলার তদারকির দায়িত্ব পাওয়ার পর এটাই ছিল পরিবেশমন্ত্রীর প্রথম সভা।
মন্ত্রী বলেন, সামাজিক অবক্ষয় কোনো একদিনে তৈরি হয় না। প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সমাজকে সঠিকভাবে খাপ খাওয়ানোর দায়িত্ব পরিবার, শিক্ষক, সচেতন নাগরিক ও রাষ্ট্র, সবার। কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সব সমস্যা শুধু রাষ্ট্রের ওপর ছেড়ে না দিয়ে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের কল্যাণে সরকারও সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে প্রস্তুত। সরকারি কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
সভায় লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান ভার্চ্যুয়ালি যুক্ত হন।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, কিশোর গ্যাং প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং বিচারাধীন মামলার নিষ্পত্তি দ্রুত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে লক্ষ্মীপুরে মোট ২০৮টি অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ২৬টি, মাদকসংক্রান্ত অপরাধ ৬৬টি এবং অন্যান্য অপরাধ ৯১টি।
একই সময়ে জেলার বিভিন্ন থানায় ৮৫২টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হলেও পেন্ডিং গ্রেফতারি পরোয়ানার সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৪টিতে। পরোয়ানা তামিলের হার আরও বাড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সভায় পরিবেশ সুরক্ষায় জেলার বিভিন্ন কার্যক্রমও পর্যালোচনা করা হয়। অবৈধ ইটভাটা বন্ধ, জমির টপসয়েল কর্তন ও অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী-খাল রক্ষা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসনের অভিযানের তথ্য অনুযায়ী, গত এক বছরে ৬৫টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে এবং বিভিন্ন আইনে মোট ১ কোটি ২৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ১৬টি অভিযান চালিয়ে ১৬টি মামলা ও ১৫ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অন্যদিকে, জমির টপসয়েল কর্তন বন্ধে ৬৬টি অভিযান পরিচালনা করে ৫৯টি মামলা এবং ৩৩ লাখ ৮০ হাজার ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের তথ্য তুলে ধরে সভায় জানানো হয়, জানুয়ারি থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৯৮৭টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ১৮৯টি মোবাইল কোর্ট মামলা ও ৫১টি নিয়মিত মামলাসহ মোট ২৪০টি মামলা হয়েছে। অভিযানে ১৭ হাজার ২৫০ পিস ইয়াবা এবং ২৮ দশমিক ৮৫৯ কেজি গাঁজাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
কিশোর গ্যাং প্রতিরোধে স্কুল-কলেজসহ শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নদ-নদী, খাল-বিল দূষণ, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও অবৈধ দখল প্রতিরোধে নিয়মিত অভিযান চালানোর বিষয়েও আলোচনা হয়।
সভায় জেলার চলমান সড়ক উন্নয়নকাজে জনদুর্ভোগ, পৌর এলাকায় অতিরিক্ত ব্যাটারিচালিত অটোরিকশা, ডাম্প ট্রাকের বেপরোয়া চলাচল, অবৈধ ইটভাটা, মাদক ও পরিবেশদূষণসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার আবু তারেক, সিভিল সার্জন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






