বৃষ্টির সময় বিশাল একটি গাছের নিচে আশ্রয় নিয়েছে একদল বন্যহাতি। থাইল্যান্ডের প্রাচুয়াপ খিরি খান প্রদেশের কুই বুরি জাতীয় উদ্যানে দেখা গেছে মনোমুগ্ধকর এই দৃশ্য। হাতিদের এমন বিরল মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলেছে।
মঙ্গলবার পার্কটির ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, প্রবল বৃষ্টির মধ্যে একটি বড় গাছের নিচে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে হাতির পাল। প্রকৃতির সঙ্গে বন্যপ্রাণীর এমন নিবিড় সহাবস্থানের দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন প্রকৃতিপ্রেমীরা।
ছবিগুলোর নিচে অনেকেই দৃশ্যটিকে ‘হাতির গাছ’ বলে অভিহিত করেছেন। তাদের মতে, বৃষ্টির সময় একই গাছের নিচে হাতিদের আশ্রয় নেওয়ার এই দৃশ্য বন্যপ্রাণী ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের এক অনন্য উদাহরণ।
ছবির ক্যাপশনে কুই বুরি জাতীয় উদ্যান কর্তৃপক্ষ লিখেছে, ‘বন্যপ্রাণীর সুখই প্রকৃতির পুরস্কার।’
কুই বুরি জাতীয় উদ্যান থাইল্যান্ডের বন্য এশীয় হাতি, গৌরসহ বিভিন্ন প্রজাতির পাখি তাদের প্রাকৃতিক আবাসস্থলে দেখার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। প্রায় ৯৬৯ বর্গকিলোমিটার আয়তনের এই জাতীয় উদ্যানটি হুয়া হিন শহরের প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে প্রাচুয়াপ খিরি খান প্রদেশে অবস্থিত।
প্রাকৃতিক পরিবেশে বন্যপ্রাণীর এমন স্বাভাবিক আচরণ শুধু দর্শনার্থীদের আনন্দই দেয় না, বরং বন ও বন্যপ্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল সংরক্ষণের গুরুত্বও তুলে ধরে।
সূত্র: Bangkok Post






