ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাচারের সময় দেশীয় প্রজাতির ১ হাজার ১৬৩টি ‘কড়ি কাইট্টা’ কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শহীদুল ইসলাম নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার, পুলিশ, প্রাণিসম্পদ অধিদপ্তর, নির্বাহী হাকিমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। এ সময় মালয়েশিয়াগামী বাটিক এয়ারের একটি ফ্লাইটের যাত্রী শহীদুল ইসলামকে আটক করা হয়।

পরে তার লাগেজে তল্লাশি চালিয়ে ১ হাজার ১৬৩টি জীবন্ত কড়ি কাইট্টা কচ্ছপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শহীদুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের মাহমুদ নগরের হাসানাবাদ এলাকায়।
বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক বলেন, “জিজ্ঞাসাবাদে আটক শহীদুল তেমন কিছু জানাতে পারেননি। তিনি শুধু অর্থের বিনিময়ে লাগেজ পার করার দায়িত্ব নিয়েছিলেন বলে তথ্য দিয়েছেন। আমরা ধারণা করছি এর পেছনে অন্য একটি পাচারকারী চক্র কাজ করছে। সেই চক্রকে খুঁজে বের করতে আমরা চেষ্টা চালাচ্ছি।”
বন অধিদপ্তর জানিয়েছে, এ ঘটনায় শহীদুল ইসলামের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা কচ্ছপগুলোকে প্রাথমিক পরিচর্যা শেষে দ্রুত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম






