গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে সাপ ও বন্যপ্রাণী উদ্ধার এবং উপযুক্ত পরিবেশে অবমুক্তকরণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর ‘স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ’-এর উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হার্পেটোলজিস্ট ও স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের উপদেষ্টা শোহেল রানা সাইকোট।
তার দিকনির্দেশনায় কর্মশালায় অংশগ্রহণকারীদের বন্যপ্রাণী উদ্ধার, পরিচর্যা ও ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় সাপ ও অন্যান্য বন্যপ্রাণীর প্রজাতি শনাক্তকরণ এবং তাদের আচরণ সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি নিরাপদে বন্যপ্রাণী উদ্ধারের কৌশল, প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবহার, উদ্ধারকৃত ও অসুস্থ বন্যপ্রাণীর প্রাথমিক পরিচর্যা এবং পুনর্বাসন পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ ছাড়া প্রাণীর স্বাভাবিক আবাসস্থল ও পরিবেশ বিবেচনায় নিরাপদে অবমুক্তকরণ, উদ্ধার কার্যক্রমে প্রাণী ও উদ্ধারকারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়।
কর্মশালায় মানুষের সঙ্গে বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের বন্যপ্রাণী উদ্ধারের ক্ষেত্রে দায়িত্বশীল ও নিরাপদ পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে সেরা পারফর্মার হিসেবে মোহাম্মদ সাইমুনকে ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনার জন্য ইভেন্ট ম্যানেজার মো. আতীকুল ইসলাম ভূঁইয়াকেও ক্রেস্ট তুলে দেওয়া হয়।






