পঞ্চগড়ের বোদা উপজেলায় চায়না জালে আটকা পড়া দুটি বেজি উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) উপজেলার নতুন হাট এলাকায় বন্যপ্রাণী উদ্ধারকারী কর্মী মো. সহিদুল ইসলাম বেজি দুটি উদ্ধার করেন।
মো. সহিদুল ইসলাম জানান, ওই এলাকার খোরশেদ আলী চায়না জাল শুকানোর জন্য রেখেছিলেন। জালের ভেতরে দুই-তিনটি মাছ থাকায় সেগুলো খেতে গিয়ে বেজি দুটি জালে আটকা পড়ে বলে ধারণা করা হচ্ছে।
পরে স্থানীয় কয়েকজন শিশু বেজি দুটি জালে আটকে থাকতে দেখে তাঁকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বেজি দুটিকে জাল থেকে উদ্ধার করেন।
মো. সহিদুল ইসলাম পঞ্চগড়ের বন্যপ্রাণী উদ্ধারকারী কর্মী এবং ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের প্রতিষ্ঠাতা।
চায়না জালে মাছের পাশাপাশি বেজিসহ বিভিন্ন জলজ ও স্থলজ প্রাণী আটকা পড়ে। এ ধরনের অবৈধ জালের ব্যবহার জলজ ও স্থলজ প্রাণীর জন্য হুমকিস্বরূপ হতে পারে।
সূত্র: Md Sahidul Islam এর ফেসবুক পেজ থেকে সংগৃহীত






