মালয়েশিয়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর উদ্ধারকারী দলের তৎপরতা ও ট্র্যাকার কুকুরের ঘ্রাণে সন্ধান মিলেছে এক বাংলাদেশি শ্রমিকের। দেশটির কেলান্তান প্রদেশের লোজিন হাইল্যান্ডসে ভূমিধসে মাটিচাপা পড়া তার লাশ উদ্ধার করেছে দমকল বাহিনী।
নিহত বাংলাদেশির নাম মো. ফাহাদ হোসেন (২৭)। তার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়।

স্থানীয় সংবাদপত্র ‘নিউ স্ট্রেইট টাইমস’ এক প্রতিবেদনে জানায়, কেলান্তান প্রদেশের লোজিন হাইল্যান্ডসের একটি সবজি খামারে শুক্রবার ভূমিধসের ঘটনা ঘটে। এরপর দুই দিন ধরে চলে উদ্ধার অভিযান। রবিবার মাটিচাপা অবস্থায় ফাহাদ হোসেনের লাশ উদ্ধার করা হয়।
গুয়া মুসাং পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু-এর বরাত দিয়ে ‘নিউ স্ট্রেইট টাইমস’ জানায়, উদ্ধার অভিযানের দ্বিতীয় দিন দুপুরে মালয়েশিয়ার দমকল ও উদ্ধার বিভাগের কে-৯ ইউনিটের ‘ফ্র্যাঙ্কি’ নামের একটি ট্র্যাকার কুকুর ফাহাদ হোসেনের অবস্থান শনাক্ত করে।
পরে উদ্ধারকারী দলের সদস্যরা মাটির স্তূপের নিচ থেকে তার লাশ উদ্ধার করেন।
এর আগে সকালে উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। অভিযানে ২০ জন দমকলকর্মী, তিনটি ট্র্যাকার কুকুর এবং একটি খননযন্ত্র ব্যবহার করা হয়।
দীর্ঘ সময়ের অভিযানের পর ট্র্যাকার কুকুরের মাধ্যমে নিখোঁজ বাংলাদেশি শ্রমিকের অবস্থান শনাক্ত হওয়ায় দ্রুত তার লাশ উদ্ধারে সক্ষম হয় উদ্ধারকারী দল।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম






