সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের হলদী খালে অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ ও নিষিদ্ধ খালপাটা জালসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। এ সময় অপরাধে ব্যবহৃত দুটি ডিঙি নৌকাও জব্দ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে চরাপুটিয়া টহল ফাঁড়ির আওতাধীন হলদী খালে এ অভিযান চালানো হয়। চরাপুটিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে বনকর্মীদের একটি দল নিয়মিত টহলের সময় তাঁদের দেখতে পায়।
বন বিভাগ সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ওই ব্যক্তিরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করেন। তারা বনের খালে নিষিদ্ধ খালপাটা জাল দিয়ে মাছ শিকারের পাশাপাশি বন্যপ্রাণী, বিশেষ করে হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পেতেছিলেন। এ সময় বনকর্মীরা অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করেন।
অভিযানে তাদের কাছ থেকে দুটি ডিঙি নৌকা, নিষিদ্ধ খালপাটা জাল ও বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ। তারা সবাই বাগেরহাটের মোংলা উপজেলার ছায়রাবাদ এলাকার বাসিন্দা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের বিশেষ অভিযান ও নিয়মিত টহল অব্যাহত থাকবে। বনের পরিবেশ ও বন্যপ্রাণীর ক্ষতি করে, এমন বন অপরাধে জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না।
সূত্র: Ashad Zaman এর ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত






