কীটনাশক ভেবে আগাছানাশক: নষ্ট ১৬ লাখ টাকার টমেটোখেত, হাসপাতালে কৃষক

আগাম টমেটো বিক্রি করে ঋণের টাকা পরিশোধের স্বপ্ন দেখেছিলেন প্রান্তিক কৃষক গিরিধন সরকার। গাছে ফুল আসতে শুরু করায় ভালো ফলনের আশাও করেছিলেন তিনি। কিন্তু কীটনাশকের পরিবর্তে আগাছানাশক প্রয়োগের পর নষ্ট হয়ে গেছে তাঁর ২৫০ শতক জমির টমেটোখেত। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি। ফসল হারানোর দুশ্চিন্তায় অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই কৃষক।

ঘটনাটি হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের। পরিবারের অভিযোগ, কীটনাশক কোম্পানির প্রতিনিধির পরামর্শে ওষুধ কিনে জমিতে প্রয়োগ করেছিলেন গিরিধন। এরপরই টমেটোগাছগুলো সাদা হয়ে যেতে শুরু করে। ধীরে ধীরে পুরো ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। অনেক গাছের গোড়ায় পচন ধরেছে।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর টমেটোগাছে পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে ওষুধ কিনতে মাধবপুর বাজারের বিসমিল্লাহ বীজ ভান্ডারে যান গিরিধন। সেখানে অটোকেমিক্যাল কোম্পানির প্রতিনিধি মো. মনিরুল ইসলামের সঙ্গে কথা বলে ওষুধ কেনেন তিনি। পরে সেই ওষুধ জমিতে ছিটানোর পরই গাছের ক্ষতি শুরু হয় বলে দাবি পরিবারের সদস্যদের।

ঋণ করে চাষ, এখন দুশ্চিন্তায় পরিবার

আগাম জাতের টমেটো চাষের জন্য বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) ও ব্যক্তি-প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে জমিতে বিনিয়োগ করেছিলেন গিরিধন। গাছে ফুল আসতে শুরু করায় ভালো ফলনের আশা করছিলেন তিনি। প্রতিদিন তাঁর জমিতে কাজ করতেন ২০ থেকে ৩০ জন শ্রমিক।

কিন্তু চোখের সামনে পুরো ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় এখন ঋণের টাকা পরিশোধ ও সংসারের খরচ চালানো নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি। পরিবারের দাবি, ফসলের ব্যাপক ক্ষতির চিন্তায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

যে ফসল বিক্রি করে সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন, সেই ফসলই এখন তাঁর পরিবারের অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ ঘটনায় ক্ষতিপূরণ ও আইনগত ব্যবস্থা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন গিরিধনের ভাই ও সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়ধন সরকার।

তদন্তের নির্দেশ, ক্ষতিপূরণের আশ্বাস

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর উপজেলা কৃষি কর্মকর্তাকে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি প্রণোদনার মাধ্যমে কীভাবে সহযোগিতা করা যায়, সেটিও বিবেচনা করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার বলেন, বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা গেছে, কীটনাশকের পরিবর্তে আগাছানাশক প্রয়োগ করায় টমেটোগাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকও ওষুধের বোতল যাচাই না করে তা প্রয়োগ করার কথা স্বীকার করেছেন। বিষয়টি আরও যাচাই করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নিতে বিক্রেতাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জমিতে কোনো ওষুধ প্রয়োগের আগে তার লেবেল ভালোভাবে পড়ে নিতে হবে। প্রয়োজনে উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নিতে হবে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিতে কৃষি বিভাগ সব সময় প্রস্তুত রয়েছে।

ফসল হারিয়ে এখন ঋণের বোঝা ও সংসারের ব্যয় সামলানোর দুশ্চিন্তায় গিরিধনের পরিবার। তাদের প্রত্যাশা, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায় নির্ধারণ করে ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে, যাতে এই প্রান্তিক কৃষক আবারও ঘুরে দাঁড়ানোর সুযোগ পান।

সূত্র: Channel 24

আরও পড়ুন

সাতকানিয়ায় বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যে দূষিত খাল, হুমকিতে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বিদ্যুৎকেন্দ্রের ড্রেন দিয়ে বের হচ্ছে কালচে তৈলাক্ত বর্জ্য। সেই বর্জ্য মিশছে পাশের মইল্ল্যা খালে। প্রায় তিন কিলোমিটার প্রবাহিত হওয়ার পর খালটি...
দূষণ ও দখল
0
minutes

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও নিষিদ্ধ জালসহ গ্রেপ্তার ৬

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের হলদী খালে অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ ও নিষিদ্ধ খালপাটা জালসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। এ সময়...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

সাফারি পার্ক থেকে দুই লেমুর চুরি, তদন্তের পর ব্যবস্থা: পরিবেশমন্ত্রী

গাজীপুরের সাফারি পার্ক থেকে দুটি লেমুর চুরির ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এ ঘটনায় যারা দায়ী থাকবেন,...
সারাদেশ
0
minutes

গারো পাহাড়ে আটকা ১৩৫ হাতি, করিডর চালুর পরিকল্পনা পরিবেশমন্ত্রীর

মেঘালয় থেকে আসা প্রায় ১৩০ থেকে ১৩৫টি বন্যহাতি সীমান্তের কাঁটাতারের বেড়ার কারণে নিজ দেশে ফিরতে পারছে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes
spot_imgspot_img