পরিবেশ রক্ষায় সরকারি কর্মকর্তাদের বাড়তি উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়নবিষয়ক সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সভায় আগামী ছয় মাসের মধ্যে দেশের মাদার ট্রি বা মাতৃগাছ চিহ্নিত করে সেগুলো সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি গাছ লাগানোর পর নিয়মিত পরিচর্যা, রোপণ করা চারা বেঁচে আছে কি না, তা নিজস্ব লোক পাঠিয়ে পর্যবেক্ষণ এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বনাঞ্চল বাড়ানোর উপায় বের করার নির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার জায়গা কম। এ ধরনের জায়গা বাড়াতে হবে। পাশাপাশি ছাদবাগান, স্কুলবাগানসহ বিভিন্ন ভবনে বাগান তৈরিতে মানুষকে উৎসাহিত করতে হবে।

পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মানুষ যত বেশি সচেতন হবে, কাজ তত সহজ হবে। পরিবেশ ও বন রক্ষায় নেওয়া সিদ্ধান্ত এবং পরিকল্পনা বাস্তবায়নে জনসচেতনতামূলক কার্যক্রমের জন্য আলাদা পরিকল্পনা রাখারও নির্দেশ দেন তিনি।

ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ

ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, অনেক বছর ধরে ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় প্রথম বা দ্বিতীয় স্থানে উঠে আসছে। এটি দেশের জন্য লজ্জার বিষয়। এ পরিস্থিতির পরিবর্তনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরে গিয়েও কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আপনি আপনার যেটা ডিউটি, তার থেকে আপনি কিন্তু একটু বেশি করার সক্ষমতা আপনার রয়েছে। দেশের জন্য কাজ করার সুযোগ সবার কাছে আসে না। যারা আজ দায়িত্বশীল অবস্থানে রয়েছেন, তাদের সেই সুযোগ রয়েছে। শুধু নির্ধারিত দায়িত্ব পালন করেই থেমে গেলে হবে না। দেশের মানুষের জন্য আরও কিছু করার চেষ্টা থাকতে হবে।”

তিনি আরও বলেন, “আল্লাহ তাআলা আমাদের একটা সুযোগ দিয়েছেন এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য কিছুটা করার। আপনি নয়টা-পাঁচটা অফিস করতেই পারেন। এরপরে যদি আপনি কিছু না করেন, কেউ কিছু বলবে না। কিন্তু পরিবেশটা যদি খারাপ হয়ে যায়, ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। কারণ, আপনার পরবর্তী প্রজন্ম তো দেশেই থাকবে।”

প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবেশ ভালো রাখতে সবাইকে নিজ নিজ দায়িত্বের বাইরে গিয়েও কিছুটা বেশি কাজ করতে হবে। পরিবর্তন আনতে হলে নিজের সক্ষমতা কাজে লাগিয়ে উদ্যোগী হতে হবে।

২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা

দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, পরিকল্পনাটি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে দেশের সব মানুষ এর সুফল পাবে। সবাই এগিয়ে এলে সম্মিলিতভাবে দেশের মানুষের জন্য ভালো কিছু করা সম্ভব হবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, অন্যান্য মন্ত্রণালয় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম গাছ লাগালে সেই ঘাটতি পূরণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও তদারকি নিশ্চিত করতে হবে।

সভায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

কুয়াকাটায় জীববৈচিত্র্য রক্ষায় শতবর্ষী বটবৃক্ষকে সংরক্ষিত ঘোষণা

পটুয়াখালীর কুয়াকাটায় শত বছরের বেশি বয়সী একটি বটবৃক্ষকে সংরক্ষিত ঘোষণা করে বিলবোর্ড স্থাপন করা হয়েছে। প্রকৃতি, জীববৈচিত্র্য ও রাখাইন সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যে...
প্রকৃতি ও জীববৈচিত্র্য
0
minutes

হাতির শোক: মৃত শাবককে বয়ে বেড়ায় হাতিটি, যে ছবি নাড়া দিয়েছে...

নামিবিয়ার শুষ্ক মরুভূমির একটি নদীখাত ধরে এগিয়ে যাচ্ছিল একদল হাতি। তাদের অনুসরণ করছিলেন বন্য প্রাণীর আলোকচিত্রী ফেদেরিকো ভেরোনেসি। ২০২৫ সালের সেপ্টেম্বরের একদিন তাঁর চোখে...
প্রকৃতি ও জীববৈচিত্র্য
0
minutes

বৈচিত্র্যময় প্রকৃতি: প্রেমের প্রস্তাবে ফুল নয়, আস্ত মাছ দেয় মাছরাঙা

প্রেমের প্রস্তাব দিতে ফুল কিংবা উপহার দেওয়ার প্রচলন মানুষের সমাজে বেশ পরিচিত। কিন্তু পাখিদের জগতেও রয়েছে সঙ্গীকে মুগ্ধ করার অভিনব কৌশল। মাছরাঙার ক্ষেত্রে পছন্দের...
প্রকৃতি ও জীববৈচিত্র্য
0
minutes

অস্ট্রেলিয়ার সৈকতে ড্রোনে ধরা পড়ল শতাধিক হ্যামারহেড হাঙরের সমাবেশ

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের জনপ্রিয় সৈকতগুলোর অগভীর পানিতে একসঙ্গে সাঁতার কাটতে দেখা গেছে ডজন ডজন অপ্রাপ্তবয়স্ক স্ক্যালপড হ্যামারহেড হাঙর। উপকূলের নিরাপত্তা পর্যবেক্ষণে ড্রোন ওড়ানোর সময়...
প্রকৃতি ও জীববৈচিত্র্য
0
minutes
spot_imgspot_img