যৌথ অভিযানে ১১টি জীবিত ও ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার
স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে একটি অসাধু চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার ভোরে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের হারারবাড়ী এলাকার একটি প্লটে যৌথ অভিযানে ১১টি জীবিত ও ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়। অভিযানের সময় চক্রের সদস্যরা পালিয়ে যায়।
পূর্বাচল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, জবাইয়ের উদ্দেশ্যে অন্তত ২০টি ঘোড়া ওই স্থানে জড়ো করা হয়েছিল। এর মধ্যে ৯টি ইতোমধ্যে জবাই করা হয়। ভোরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে র্যাব ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।
পূর্বাচল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হারুন অর রশিদ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা ঘোড়াগুলো জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নির্জন স্থানে রাতের আঁধারে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস বলে কম দামে বিভিন্ন দোকানে সরবরাহ করা হতো। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছিলেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।






