শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার তারাকান্দি বাজার সংলগ্ন বারোঘড়িয়া এলাকায় ঝড়ে ভেঙে পড়া একটি গাছের কোটর থেকে উদ্ধার হওয়া ৪টি কন্ঠী নিম প্যাঁচা ছানাকে নিরাপদে তাদের স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার এক মানবিক ও সচেতন উদ্যোগের নজির স্থাপন করেছেন স্থানীয় কয়েকজন তরুণ।
জানা যায়, গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক “Sherpur Helpline” গ্রুপে এক পোস্টের মাধ্যমে বিষয়টি সামনে আসে। পোস্টদাতা রিফাত আহমেদের মাধ্যমে জানা যায়, ঝড়ের কারণে একটি মরা গাছ ভেঙে পড়লে তার ভেতর থেকে ৪টি প্যাঁচা ছানা বের হয়ে আসে। পরে সেগুলো স্থানীয় বাসিন্দা হৃদয় মিয়ার তত্ত্বাবধানে রাখা হয়।
প্রাথমিকভাবে ছানাগুলোর যত্নে স্থানীয়রা এগিয়ে আসেন। তারা ছোট মাছ ও পানি খাওয়ানোর পাশাপাশি নিরাপদে রাখার ব্যবস্থা করেন। এ সময় পাখি সংরক্ষণে আগ্রহী কয়েকজন ব্যক্তি ঘটনাটি জানতে পেরে দ্রুত সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন।
পরদিন সকালে প্রায় ৭০-৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির সভাপতি সুজয় মালাকার-এর দিকনির্দেশনায় ছানাগুলোর জন্য অস্থায়ী বাসা তৈরি করে গাছে স্থাপন করা হয়, যাতে মা প্যাঁচা ফিরে এসে তাদের খুঁজে পায়।
উদ্ধারকারীরা জানান, প্যাঁচা নিশাচর হওয়ায় সন্ধ্যার পর মা পাখি ফিরে এসে ছানাগুলোর দায়িত্ব নিতে পারবে, এমন পরিকল্পনাই নেওয়া হয়।
এ সময় হৃদয় মিয়া ও রিফাত আহমেদ উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনারা এত দূর থেকে এসেছেন, এখন ফিরে যান। বাচ্চাগুলোর বাকি দায়িত্ব আমরা দেখব।”
তাদের এই মানবিকতা ও দায়িত্ববোধ স্থানীয়দের পাশাপাশি সংশ্লিষ্টদেরও মুগ্ধ করেছে। সচেতন মহল মনে করছে, এমন উদ্যোগই বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।






