৩১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP31)-এ বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণ এবং পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্যবিষয়ক বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের অবস্থান নির্ধারণ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত এ সভায় COP31-সহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশের অবস্থান ও অংশগ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি উপস্থিত ছিলেন।
এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহসহ উভয় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় COP31-এ বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণের পাশাপাশি জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংক্রান্ত বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সমন্বিত অবস্থান গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের অগ্রাধিকার ও অবস্থান তুলে ধরতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের বিষয়েও সভায় আলোচনা হয়।






