ফাঁদ পেতে বক শিকার, পীরগঞ্জে দুজনের এক বছর করে কারাদণ্ড

শালবনের পাশে পাতা ছিল ফাঁদ। সেই ফাঁদে একে একে ধরা পড়ছিল বকপাখি। এরপর খাঁচায় বন্দী করে রাখা হয়েছিল তাদের। উদ্দেশ্য ছিল বিক্রি করা। কিন্তু শেষ পর্যন্ত মুক্ত আকাশে উড়ে যাওয়ার সুযোগ পায় ১৫টি বক। আর বন্য প্রাণী শিকারের অভিযোগে কারাগারে যেতে হয়েছে দুই শিকারিকে।

ঘটনাটি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কালুপীর-থুমনিয়া শালবনের পাশে। বৃহস্পতিবার (১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে বন বিটের কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স। এ সময় বক শিকারের ফাঁদ এবং খাঁচায় বন্দী প্রায় ১৫টি বকপাখি উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। আটক চারজনের মধ্যে শাকিব ইসলাম ও রশিদুল ইসলাম অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।

দণ্ডপ্রাপ্ত শাকিব ইসলাম দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চাঁপাইতর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। অপরজন রশিদুল ইসলাম একই গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে।

অন্যদিকে আটক অপর দুই ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর খাঁচাবন্দী অবস্থায় উদ্ধার করা প্রায় ১৫টি বকপাখিকে পরে অবমুক্ত করা হয়।

পীরগঞ্জ বন বিট কর্মকর্তা মহসিন আলী ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, শালবনের পাশে ফাঁদ পেতে বক শিকার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ইউএনও গোলাম রব্বানী সরদার বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইন অমান্য করে বিক্রির উদ্দেশে বকপাখি গুলো শিকার করা হয়েছিল। দোষ স্বীকার করায় দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বকপাখি দেখতে সাধারণ হলেও জলাভূমি ও কৃষিপ্রধান পরিবেশে তাদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। জলাশয়, খাল-বিল ও ধানখেতের আশপাশে বিচরণ করা এসব পাখি প্রকৃতির খাদ্যশৃঙ্খলেরই একটি অংশ। নির্বিচারে পাখি শিকার চলতে থাকলে শুধু একটি-দুটি পাখিই নয়, ক্ষতিগ্রস্ত হতে পারে স্থানীয় জীববৈচিত্র্যও।

বন্যপ্রাণী শিকার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি মানুষের সচেতনতাও জরুরি। প্রকৃতির মুক্ত আকাশে উড়ে বেড়ানো পাখিকে খাঁচায় বন্দী করে বেচাকেনার প্রবণতা বন্ধ করা গেলে নিরাপদ থাকবে পাখিরাও, সমৃদ্ধ থাকবে প্রকৃতিও।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে বিকেলে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও এক বানরের মৃত্যু, বিদ্যুৎ বিভাগের পদক্ষেপ দাবি

খোরশেদ আলম, জুড়ী (মৌলভীবাজার) মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও একটি লজ্জাবতী বানরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার কচুরগুল গ্রামে আব্দুস সুবহান মিয়ার...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

কলাপাড়ায় পাখি শিকারে ১০ হাজার টাকা জরিমানা, ইয়াবা সেবনে কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচটি তিলা ঘুঘু ও একটি বক হত্যার দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

নদী দখল-দূষণমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

নদী, খাল ও জলাশয় খননের পর পুনরায় দখল ও ভরাট ঠেকাতে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে পানিসম্পদ মন্ত্রণালয়। টাস্কফোর্সের সদস্যরা প্রতি ১৫ দিন পরপর প্রকল্প...
দূষণ ও দখল
0
minutes

৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খেলেন: আলোচিত ব্যক্তি গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখির পালক ছাড়িয়ে কাঁচা মাংস খাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক...
সারাদেশ
0
minutes
spot_imgspot_img