পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়নের হলদিবাড়িয়ায় একটি ঘর থেকে মেছো বিড়াল বা বন বিড়ালের তিনটি শাবক উদ্ধার করা হয়েছে। তবে শাবকগুলো ছোট হওয়ায় মায়ের কাছ থেকে আলাদা না করে সেখানেই রেখে আসেন প্রাণিকল্যাণ সংগঠনের কর্মীরা। পরে রাতে মা বিড়ালটি শাবকগুলোকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেয়।
স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী (এএলপি) এ তথ্য জানিয়েছে।
সংগঠনটির তথ্য অনুযায়ী, গত ২৩ অক্টোবর তাদের হটলাইন নম্বরে ফোন করে জানানো হয়, পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়নের হলদিবাড়িয়ার একটি ঘরের ভেতরে কয়েকটি বন্যপ্রাণীর শাবক দেখা গেছে। পরে শাবকগুলো উদ্ধারের অনুরোধ জানানো হয়।
খবর পেয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিকের দিকনির্দেশনায় সংগঠনটির তথ্য ও প্রচার সম্পাদক দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি তিনটি মেছো বিড়াল বা বন বিড়ালের শাবক দেখতে পান।
শাবকগুলো খুব ছোট হওয়ায় মায়ের কাছ থেকে আলাদা করলে তাদের বাঁচিয়ে রাখা কঠিন হতে পারে বলে মনে করেন তিনি। এ কারণে বাড়ির মালিককে বিষয়টি বুঝিয়ে শাবকগুলো সেখানেই রেখে আসেন। পাশাপাশি রাতে মা বিড়ালটি ফিরে আসা পর্যন্ত শাবকগুলোর কোনো ক্ষতি না করার অনুরোধ জানান।
পরে রাতে খোঁজ নিয়ে জানা যায়, মা বিড়ালটি শাবকগুলোকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়েছে।
এ বিষয়ে সংগঠনটি জানিয়েছে, মানুষের আশপাশের বিভিন্ন স্থানে বন্যপ্রাণী বাচ্চা দিতে পারে। এ ধরনের প্রাণী দেখলে ভয় পেয়ে বা ভুল ধারণা থেকে সেগুলোকে হত্যা করা উচিত নয়। প্রয়োজনে বন বিভাগ কিংবা প্রাণিকল্যাণ সংগঠনের সঙ্গে যোগাযোগ করলে তারা পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে।






