ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, প্রকৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে নিজের কন্যাসন্তানের জন্য ১ হাজারটি গাছ রোপণ করেছেন এস এম আরিফুল আমিন প্লাবন। তাঁর এই উদ্যোগের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা প্রদান করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘আজকের প্রজন্ম ফোরাম’-এর আয়োজনে এবং ‘ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক’-এর সহযোগিতায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ অ্যাট কপ-৩১: ফ্রম ন্যাশনাল প্রায়োরিটিজ টু গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ইউনেস্কো বাংলাদেশের প্রতিনিধি ড. সুসান ভাইজ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সোনালী দয়ারত্নে।
বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, প্রকৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, টেকসই ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন করা হয়।






