দেশি ও পরিযায়ী পাখি সংরক্ষণের লক্ষ্যে পটুয়াখালীর দশমিনা উপজেলায় ‘বিহঙ্গ বিলাস’ নামে দ্বিতীয় পাখির কলোনি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর নির্দেশে এবং দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার দিকনির্দেশনায় উপজেলার ২ নম্বর আলিপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামের সাগর চেয়ারম্যান বাড়িকে পাখি সংরক্ষণের লক্ষ্যে ‘বিহঙ্গ বিলাস’ নামে পাখির কলোনি ঘোষণা করা হয়।
এ উপলক্ষে আয়োজিত বিলবোর্ড স্থাপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা। এ সময় আরও উপস্থিত ছিলেন ২ নম্বর আলিপুরা ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান সাগর, ২ নম্বর চাঁদপুরা ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইয়াকুব হাওলাদার, উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীর দশমিনা বিট কর্মকর্তা ইলিয়াস হোসেন এবং অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সভাপতি সোহেল হোসেন রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পাখির আবাসস্থল সংরক্ষণ ও দেশি-পরিযায়ী পাখির নিরাপদ বিচরণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
‘বিহঙ্গ বিলাস’ পাখি কলোনি বাস্তবায়ন করবে জেলা প্রশাসন পটুয়াখালী ও উপজেলা প্রশাসন দশমিনা।
এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী এবং স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী।
সূত্র: বায়েজিদ মুন্সীর ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত






