মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের সেরিয়ান জেলায় দাবানলের ধোঁয়ায় বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইন্দোনেশিয়ার সীমান্তবর্তী এলাকায় বন ও পিটভূমিতে ছড়িয়ে পড়া আগুনের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।
শুক্রবার সেরিয়ানে বায়ুমান সূচক (এপিআই) ৫০০ ছাড়িয়ে যায়। মালয়েশিয়ার কর্তৃপক্ষের হিসাবে, এপিআই ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়। ফলে জনস্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সারাওয়াকের পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দিয়েছেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জনগণের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করা হবে।
বোর্নিও দ্বীপের মালয়েশীয় অংশে অবস্থিত সারাওয়াক দীর্ঘদিন ধরেই ইন্দোনেশিয়ার কালিমান্তান অঞ্চলের বন ও পিটভূমিতে লাগা দাবানলের ধোঁয়ার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘন কালো ধোঁয়ায় সেরিয়ান ও আশপাশের এলাকার বাতাস দূষিত হয়ে পড়ায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।
দূষণ পরিস্থিতি মোকাবিলায় সারাওয়াকে তিন দিনের কৃত্রিম বৃষ্টিবর্ষণ কর্মসূচি শুরু করেছে মালয়েশিয়া। এর মাধ্যমে বাতাসে ধোঁয়ার ঘনত্ব কমানোর পাশাপাশি দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করার লক্ষ্য নেওয়া হয়েছে।






