কুষ্টিয়ার দৌলতপুরে সাপ সম্পর্কে প্রচলিত ভুল ধারণা, অযৌক্তিক ভয়, গুজব ও কুসংস্কার দূর করতে সাপ পরিচিতি ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) Wildlife & Snake Rescue Team in Bangladesh (WSRTBD)-এর উদ্যোগে দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের বিষধর ও নির্বিষ সাপের প্রাথমিক পরিচিতি, সাপের আচরণ ও পরিবেশগত গুরুত্ব, সাপে কামড়ের ক্ষেত্রে প্রাথমিক করণীয় এবং মানুষ ও বন্যপ্রাণীর নিরাপদ সহাবস্থান নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করা হয়।
সেমিনারে উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন WSRTBD-এর কুষ্টিয়া জেলার প্রতিনিধি সাইফ আল মেরাজ শাওন। তিনি সাপের বিভিন্ন প্রজাতি, বিষধর ও নির্বিষ সাপের পার্থক্য এবং সাপ নিয়ে প্রচলিত গুজব-কুসংস্কারের বৈজ্ঞানিক বাস্তবতা তুলে ধরেন। পাশাপাশি অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব নিয়েও আলোচনা করেন।
দুটি পৃথক সেশনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। প্রথম সেশন সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা এবং দ্বিতীয় সেশন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলে। উভয় সেশনেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
প্রশ্নোত্তর ও মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং সাপ সম্পর্কে প্রচলিত ভুল ধারণাগুলো বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা হয়।
আয়োজকরা সেমিনারটি সফল করতে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
সূত্র: WSRTBD






