শেরপুর সদর উপজেলায় ফাঁদ পেতে বক শিকারের অপরাধে মো. রফিক (৪৫) নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার সকালে উপজেলার সাপমারী গ্রামে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।
দণ্ডিত রফিক নকলা উপজেলার পিঁপড়াকান্দি গ্রামের বাসিন্দা।
শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, সাপমারী গ্রামের একটি এলাকায় ফাঁদ পেতে বক শিকার করছিলেন রফিক। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে বক শিকারের একটি ফাঁদ ও একটি বকসহ তাকে আটক করা হয়।
পরে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬-এর ৪১(৩) ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন।
অভিযান চলাকালে বন্যপ্রাণী শিকার ও সংরক্ষণ বিষয়ে স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেটও বিতরণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, বিচারকাজ শেষে দণ্ডিত ব্যক্তিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম






