মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ ধরার জালে আটকা পড়া একটি অজগর সাপকে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাইল হাওরের উকুলবেড়ির বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে রুমন মিয়ার মাছ ধরার জালে অজগরটি পেঁচিয়ে আটকা পড়ে। বৃহস্পতিবার সকালে বিষয়টি তিনি সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দরকে জানান।
পরে তাহের আলী সব্দর বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানালে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে যান।
দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার
সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দর ও নৌকার মাঝি হায়েদ মিয়ার সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে মাছ ধরার জাল কেটে অজগরটিকে উদ্ধার করা হয়। অজগরটি এ সময় অক্ষত ছিল।
পরে উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।






