হাতীবান্ধায় বাঘের আক্রমণে ৩ জন আহত, উদ্ধার অভিযানে বন বিভাগ ও বিজিবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত হওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাণীটিকে শনাক্ত ও উদ্ধারে গতকাল রোববার সন্ধ্যা থেকে চেষ্টা চালাচ্ছে বিজিবি ও বন বিভাগ। তবে আজ সোমবার সকাল ১১টা পর্যন্ত প্রাণীটিকে আটক করা সম্ভব হয়নি।

ঢাকা থেকে বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ দলের চার সদস্যসহ লালমনিরহাট, হাতীবান্ধা ও রংপুরের ১১ জন কর্মকর্তা-কর্মচারী রোববার সন্ধ্যা থেকে উত্তর আমঝোল এলাকায় কাজ করছেন। তাঁরা বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন।

লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম সোমবার সকালে জানান, বিজিবি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি বিবেচনায় রোববার সন্ধ্যার আগে ও পরে আমঝোল সীমান্তের বাংলাদেশ অংশে বিজিবি চার থেকে পাঁচটি ফাঁকা গুলি ছোড়ে।

তিনি বলেন, এ বিষয়ে আগে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার গোপালপুর ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডারকে জানানো হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের কয়েকজন আক্রান্ত হওয়ায় প্রয়োজনে বিজিবি তাদের এলাকায় গুলি করতে পারে, সে বিষয়েও বিএসএফকে অবহিত করা হয়।

রাতভর চলে প্রাণীটিকে শনাক্তের চেষ্টা

রোববার সন্ধ্যার পর থেকে রাতভর প্রাণীটিকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলে। এ সময় শত শত স্থানীয় বাসিন্দা টর্চ ও মুঠোফোনের আলো নিয়ে এলাকায় অবস্থান করেন। বিজিবিও ড্রোন ব্যবহার করে প্রাণীটির অবস্থান শনাক্তের চেষ্টা করে। পাশাপাশি স্থানীয়দের সতর্ক করতে মাইকিং করা হয়।

রোববার গভীর রাতে লালমনিরহাট ১৫ বিজিবির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ অক্টোবর বিকেল আনুমানিক পাঁচটার দিকে বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার উত্তর আমঝোলে সীমান্ত পিলার ৯০৫/১১ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে বাঘের আক্রমণে তিনজন আহত হন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাসিন্দা শরিফা বেগম (৩০) হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে ধানখেতের পাশের এলাকায় গেলে একটি বাঘ তাঁকে আকস্মিকভাবে আক্রমণ করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে বাঘটির আক্রমণে আরও দুজন আহত হন।

খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে ফাঁকা গুলি ছোড়ে। এতে প্রাণীটি ঘটনাস্থল ছেড়ে পাশের জঙ্গলে আশ্রয় নেয়।

চিতাবাঘের উপস্থিতির ধারণা বন বিভাগের

প্রাণীটিকে নিরাপদে উদ্ধার এবং সেটি যাতে আবার লোকালয়ে প্রবেশ করতে না পারে, সে জন্য লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগকে বিষয়টি জানান। পরে বন বিভাগের সংশ্লিষ্ট সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

লালমনিরহাট জেলা সামাজিক বনায়ন, নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান সোমবার দুপুরে জানান, যে স্থানে প্রাণীটিকে ছাগলের ওপর আক্রমণ করতে দেখা গেছে, সেটি পরিদর্শন করা হয়েছে। আক্রান্ত মৃত ছাগলের দেহে আঘাতের ধরন ও গভীরতাও পর্যবেক্ষণ করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে প্রাণীটিকে চিতাবাঘ বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও অনুসন্ধানের কাজ চলছে।

আরও পড়ুন

নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত, বহাল পরিবেশগত বিধিনিষেধ

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ। এবার দ্বীপটিতে রাত্রিযাপনেরও সুযোগ থাকছে। পর্যটক ভ্রমণের সময়সীমা বাড়ানোর পাশাপাশি দৈনিক পর্যটক প্রবেশের অনুমোদিত...
সারাদেশ
0
minutes

শরণখোলায় ধানক্ষেতে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে সুন্দরবনপাড়ের মানুষ

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের ধানক্ষেতে বাঘের পায়ের ছাপ ও চলাচলের চিহ্ন দেখা গেছে। লোকালয়ে বাঘের বিচরণের খবর ছড়িয়ে পড়ার পর গ্রামজুড়ে আতঙ্ক...
সারাদেশ
0
minutes

নোয়াখালীতে দুই শতাধিক বিপন্ন প্রজাতির পাখিসহ আটক ২

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দুই শতাধিক পাখিসহ দুজনকে আটক করেছে বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন এনিমেল রাইটস বিডি ৬৪। উদ্ধার করা...
বন্যপ্রাণী ও সংরক্ষণ
0
minutes

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন ও পাইপ জব্দ করেছে বন বিভাগ। রোববার (২৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি ও নাপোড়া...
দূষণ ও দখল
0
minutes
spot_imgspot_img