খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আহত অবস্থায় একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার রাতে উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাণীটিকে উদ্ধার করা হয়।
মাটিরাঙ্গা বন বিভাগের বনপ্রহরী মো. হাসান জানান, শান্তিপুর এলাকায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের সদস্যরা গিয়ে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করেন। বানরটির চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বুধবার সকালে প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বন বিভাগের কার্যালয়ে লজ্জাবতী বানরটি রাখার মতো প্রয়োজনীয় পরিবেশ না থাকায় নিরাপদ আশ্রয়ের জন্য সেটিকে পিটাছড়া এলাকায় স্থানান্তর করা হয়েছে। সেখান থেকে আবার চিকিৎসার জন্য নিয়ে আসা হবে।
খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ফরিদ মিঞা বলেন, ‘বানরটির চিকিৎসা চলছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটিকে সুস্থ করে তুলতে। সুস্থ হলে উপযুক্ত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।’
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় লজ্জাবতী বানরকে ‘বিপন্ন’ প্রাণী হিসেবে উল্লেখ করা হয়েছে। নিশাচর স্বভাবের এ প্রাণী সাধারণত চট্টগ্রাম ও সিলেট বিভাগের বনাঞ্চলে দেখা যায়।






