সাপ সম্পর্কে প্রচলিত ভুল ধারণা, ভয়, গুজব ও কুসংস্কার দূর করে শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক সচেতনতা গড়ে তুলতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘সাপ পরিচিতি ও সাপ সচেতনতামূলক সেমিনার’।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সেমিনারে শিক্ষার্থীদের সামনে সাপের বৈচিত্র্য ও পরিচিতি, বিষধর ও নির্বিষ সাপ সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা, সাপকে ঘিরে প্রচলিত কুসংস্কার ও ভুল বিশ্বাসের বাস্তবতা এবং সাপে কামড়ের ক্ষেত্রে করণীয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মানুষ ও বন্যপ্রাণীর নিরাপদ সহাবস্থানের গুরুত্বও তুলে ধরা হয়।
সেমিনারে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন ও মতামতের মাধ্যমে সাপ সম্পর্কে প্রচলিত ধারণাগুলো বৈজ্ঞানিক তথ্যের আলোকে বিশ্লেষণ করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে সাপকে শুধু ভয় পাওয়ার পরিবর্তে প্রাণীটি সম্পর্কে জানার ও বোঝার আগ্রহ তৈরি হয়।
সেমিনারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল সাপে কামড়ের মতো জরুরি পরিস্থিতিতে কুসংস্কার ও অবৈজ্ঞানিক চিকিৎসার ওপর নির্ভর না করে দ্রুত সঠিক চিকিৎসা গ্রহণের গুরুত্ব। একই সঙ্গে অকারণে সাপ হত্যা না করে নিরাপদভাবে উদ্ধার ও সংরক্ষণের মানসিকতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার প্রতিনিধি সাইফ আল মেরাজ শাওন ও ইশতিয়াক তাজবির আরাফ। তাঁরা সাপের পরিচিতি, বৈশিষ্ট্য, বিষধর ও নির্বিষ সাপ চেনার বৈজ্ঞানিক ধারণা এবং সাপ সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে তথ্যবহুল আলোচনা করেন।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও আগ্রহ প্রমাণ করে, সঠিক তথ্য ও বৈজ্ঞানিক জ্ঞানই পারে সাপকে ঘিরে দীর্ঘদিনের ভয়, গুজব ও ভুল ধারণা পরিবর্তন করতে। এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ ভবিষ্যতে সাপসহ অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণ এবং মানুষ ও বন্যপ্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
কুসংস্কার নয়, বিজ্ঞানকে জানুন।
ভয় নয়, সচেতন হোন।
সাপকে হত্যা নয়, নিরাপদ সহাবস্থান নিশ্চিত করুন।
সূত্র: WSRTBD






