শুষ্ক আবহাওয়ায় পানির সন্ধানে লোকালয়ে ঢুকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। শ্রীলঙ্কার অনুরাধাপুরার হোরোপাথানা এলাকায় একটি বাড়ির বাগানের চারপাশে অবৈধভাবে স্থাপন করা বৈদ্যুতিক বেড়ার সংস্পর্শে এসে হাতিটির মৃত্যু হয়।
বন্যপ্রাণী কর্মকর্তারা জানান, প্রায় ৩০ বছর বয়সী হাতিটি বাড়ির বাগানে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় এটি বৈদ্যুতিক বেড়ার সংস্পর্শে আসে। ওই বেড়ায় বাড়ির মূল বিদ্যুৎ সংযোগ থেকে সরাসরি বিদ্যুৎ দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
কর্মকর্তারা আরও জানান, শুষ্ক আবহাওয়ার কারণে পানির সন্ধানে বন্য হাতিরা লোকালয়ের দিকে চলে আসছে। এ সময় তারা বিভিন্ন ঝুঁকির মুখে পড়ছে।
অবৈধভাবে বৈদ্যুতিক বেড়া স্থাপনের অভিযোগে ৬৫ বছর বয়সী এক কৃষককে আটক করেছে হোরোপাথানা বন্যপ্রাণী কার্যালয়ের কর্মকর্তারা।
অনুরাধাপুরার বন্যপ্রাণী এলাকায় চলমান মানুষ ও হাতির সংঘাতের মধ্যে সাম্প্রতিক সময়ে বন্য হাতির মৃত্যুর এটি সর্বশেষ ঘটনা।
সূত্র: Daily Mirror Online






