অনলাইন ডেস্ক :
প্রাইমেট বা বানরজাতীয় প্রাণীদের সংরক্ষণ, তাদের আবাসস্থল রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত হচ্ছে বিশ্ব প্রাইমেট দিবস। দিনটি উপলক্ষে বিশ্বজুড়ে প্রাইমেট প্রজাতির গুরুত্ব এবং তাদের অস্তিত্বের প্রতি ক্রমবর্ধমান হুমকির বিষয়টি তুলে ধরা হচ্ছে।
বানর, হনুমান, লেমুরসহ বিশ্বের অসংখ্য প্রাইমেট প্রজাতি বন ও বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। মানুষের নিকটাত্মীয় হিসেবে পরিচিত এসব প্রাণী বীজ বিস্তার, বন পুনর্জন্ম এবং খাদ্যশৃঙ্খলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তবে বন উজাড়, আবাসস্থল ধ্বংস ও খণ্ডিত হওয়া, অবৈধ শিকার এবং বন্যপ্রাণী বাণিজ্যসহ বিভিন্ন কারণে বিশ্বের অনেক প্রাইমেট প্রজাতি বর্তমানে হুমকির মুখে রয়েছে।
বাংলাদেশেও বিভিন্ন প্রজাতির প্রাইমেট দেশের প্রাকৃতিক ও জীববৈচিত্র্যগত ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। রেসাস বানর, উল্টালেজী বানর, আসামি বানর, চশমাপরা হনুমান, উল্লুক ও মুখপোড়া হনুমান দেশের বনাঞ্চল ও বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে বসবাস করে।
বিশেষজ্ঞদের মতে, প্রাইমেট সংরক্ষণ মানে শুধু একটি প্রাণী প্রজাতিকে রক্ষা করা নয়; বরং বন, বাস্তুতন্ত্র ও সামগ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ করা। তাই তাদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং বন ধ্বংস ও অবৈধ শিকার বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।






